বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ইপিজেডগুলোর জন্য নতুন মাসিক মজুরির প্রস্তাব দিয়েছে বিনিয়োগকারীরা। প্রস্তাব অনুযায়ী, শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ১৩ হাজার ৫৩০ থেকে ১৬ হাজার ৬০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ ইপিজেড ইনভেস্টরস অ্যাসোসিয়েশনের (বেপজিয়া) সভাপতি শাহদাৎ মোশাররফ খান গত সপ্তাহে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যানের কাছে এই প্রস্তাব জমা দেন।
ঢাকা ও চট্টগ্রামের মতো বড় শহরের তিনটি ইপিজেডে ১৬ হাজার ৬০৫ টাকা, কুমিল্লা ও নারায়ণগঞ্জের মতো মাঝারি শহরে ১৫ হাজার ২৫০ টাকা এবং গ্রামীণ ও কম ব্যয়ের এলাকায় ১৩ হাজার ৫৩০ টাকা মজুরি প্রস্তাব করা হয়েছে।
মূল মজুরির পাশাপাশি খাবার, চিকিৎসা ও যাতায়াত ভাতা একই রেখে ভিন্ন বাড়িভাড়া প্রস্তাব করা হয়েছে। বেপজিয়া ইপিজেডের ভেতরে ও বাইরে একই মজুরিকাঠামোর দাবি করেছে।
এছাড়া, বার্ষিক মজুরি বৃদ্ধির হার ৯ শতাংশের পরিবর্তে ৫ শতাংশ করার দাবি জানিয়েছে তারা। বেপজিয়া বলেছে, ৯ শতাংশ হারে মজুরি বৃদ্ধির কারণে শিল্পপ্রতিষ্ঠানগুলোর পরিচালন ব্যয় বেড়ে যাচ্ছে।
বর্তমানে তৈরি পোশাকশিল্পের মজুরি পুনর্নির্ধারণে কাজ করছে মজুরি বোর্ড। এটি হওয়ার পরই ইপিজেডের শ্রমিকদের ন্যূনতম মজুরি চূড়ান্ত হবে। ২০২৩ সালের ডিসেম্বরে ইপিজেডের ন্যূনতম মজুরি ১২ হাজার ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছিল, যার মধ্যে মূল মজুরি ছিল ৬ হাজার ৯৫০ টাকা।