বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

জার্মান রাষ্ট্রদূতের আহ্বান: বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ওয়ান স্টপ সার্ভিস নিশ্চিত করুন

জার্মান রাষ্ট্রদূত বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির জন্য সুশাসন ও ওয়ান স্টপ সার্ভিস নিশ্চিতের আহ্বান জানিয়েছেন।

জার্মান রাষ্ট্রদূতের আহ্বান: বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ওয়ান স্টপ সার্ভিস নিশ্চিত করুন

বাংলাদেশে জার্মান বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে সুশাসন, দুর্নীতিমুক্ত পরিবেশ এবং ওয়ান স্টপ সার্ভিস নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ। তিনি বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘বাংলাদেশ-জার্মানি সম্পর্ক জোরদার: অগ্রাধিকার ও ভবিষ্যৎ দিকনির্দেশনা’ শীর্ষক কান্ট্রি লেকচার সিরিজে এসব কথা বলেন।

রাষ্ট্রদূত লটজ বলেন, নতুন অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের মতো অংশীদারের সঙ্গে সহযোগিতা করতে চায় জার্মানি। তিনি উল্লেখ করেন, দুই দেশের সম্পর্ক দীর্ঘমেয়াদি এবং সমতার ভিত্তিতে গড়ে তোলা উচিত।

বাংলাদেশের তৈরি পোশাক ও বস্ত্র খাত জার্মানির বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে উল্লেখ করে তিনি বলেন, জার্মানিতে বিক্রি হওয়া বস্ত্রপণ্যের প্রায় ২০ শতাংশ বাংলাদেশে উৎপন্ন। তবে, চামড়া, কৃষি-শিল্প ও ওষুধ খাতেও রফতানি ও বিনিয়োগের সুযোগ বাড়ানোর প্রয়োজন রয়েছে।

তিনি আরও বলেন, বিনিয়োগকারীরা ভালো সুশাসন এবং কার্যকর ওয়ান স্টপ সার্ভিস চান। এসব নিশ্চিত করা গেলে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা আরও বিস্তৃত হবে।

জ্বালানি নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানি এবং শিল্পকারখানায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নের জন্য সহযোগিতার সম্ভাবনা তুলে ধরেন রাষ্ট্রদূত।

এছাড়া, বাংলাদেশের তরুণ কর্মশক্তিকে সম্ভাবনাময় হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দক্ষ শ্রম অভিবাসন, দ্বৈত বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং যোগ্যতার স্বীকৃতির মাধ্যমে দুই দেশই লাভবান হতে পারে।

বিজ্ঞাপন