বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

সিপিডির প্রস্তাবে পোশাক খাতের মজুরি ১৮-২৪ হাজার টাকায় নির্ধারণের সুপারিশ

সিপিডি পোশাক খাতের শ্রমিকদের জন্য ১৮-২৪ হাজার টাকার মধ্যে মজুরি নির্ধারণের প্রস্তাব দিয়েছে।

সিপিডির প্রস্তাবে পোশাক খাতের মজুরি ১৮-২৪ হাজার টাকায় নির্ধারণের সুপারিশ

বর্তমান পরিস্থিতিতে শ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১৮ হাজার টাকা থেকে ২৪ হাজার টাকার মধ্যে রাখার প্রস্তাব করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

বুধবার (১৮ নভেম্বর) সকালে সিপিডির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ এই পর্যালোচনা তুলে ধরেন। তিনি বলেন, জীবনযাত্রার উপযোগী মজুরি নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

সিপিডির পর্যালোচনায় উঠে এসেছে, ৪ সদস্যের পরিবারের জন্য বিদ্যমান তথ্য অনুযায়ী, ২০২৩ সালের সাড়ে ১২ হাজার টাকার ভিত্তিতে বর্তমানে টিকে থাকার জন্য ১৬ হাজার ৩শ' টাকার প্রয়োজন। শহরাঞ্চলের উচ্চ দারিদ্র্যসীমা থেকে বাঁচতে প্রতি উপার্জনকারীকে ন্যূনতম আয় করতে হবে সাড়ে ১৮ হাজার টাকা।

মৌলিক খরচ মিটিয়ে সম্মানজনক জীবনযাপন করতে ২৪ হাজার টাকার বেশি প্রয়োজন বলেও জানান তিনি। ড. নাজনীন আহমেদ আরও বলেন, মজুরি নির্ধারণ এখন দর কষাকষির বিষয় হয়ে দাঁড়িয়েছে। যথেষ্ট তথ্য-উপাত্তের অভাবে মালিক ও শ্রমিক উভয় পক্ষের মধ্যে অসন্তোষ রয়ে যায়।

তিনি বলেন, মজুরি নির্ধারণের জন্য অন্তত ৬ মাস আগে একটি বোর্ড গঠন করা উচিত। মূল্যস্ফীতি, শিল্পাঞ্চলে জীবনযাত্রার ব্যয়, শ্রমিকদের আর্থসামাজিক অবস্থান, কাজের ধরন এবং উৎপাদনশীলতা এসব বিষয় মাথায় রেখে তথ্য-উপাত্তের ভিত্তিতে মজুরি নির্ধারণ করা উচিত।

এলডিসি উত্তরণের পর ইউরোপসহ বিভিন্ন বাজারে টিক থাকার জন্য জীবনধারণের উপযোগী মজুরি নিশ্চিত করা শুধু শ্রম অধিকার নয়, বরং বাজার প্রবেশাধিকার ও প্রতিযোগিতার শর্ত হয়ে দাঁড়িয়েছে বলেও তিনি জানান।

বিজ্ঞাপন