শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

বিজিএমইএ: পোশাক খাতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল

বিজিএমইএ অভিযোগ করেছে, পোশাক খাতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে, যা রপ্তানি আয় বাধাগ্রস্ত করছে।

বিজিএমইএ: পোশাক খাতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) অভিযোগ করেছে যে, তৈরি পোশাক খাতে একটি মহল বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। সংগঠনটির দাবি, এ পরিস্থিতির কারণে শিল্পাঞ্চলগুলোতে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং রপ্তানি আয় বাধাগ্রস্ত হচ্ছে।

শনিবার এক বিবৃতিতে বিজিএমইএ জানায়, কারখানার ভেতরে ভীতিকর ও অরাজক পরিস্থিতি তৈরি করা হচ্ছে, যার প্রভাব শ্রমিকদের হাজিরা দেওয়ার ওপর পড়ছে। অনেক শ্রমিক কারখানা থেকে বেরিয়ে যাচ্ছেন এবং কোথাও কোথাও তাদের দিয়ে কারখানায় ভাঙচুর করানো হচ্ছে।

বিজিএমইএর তথ্যমতে, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে এ পর্যন্ত ১৪৭টি কারখানা বন্ধ রয়েছে। সংগঠনটি উল্লেখ করে যে, একটি মহলের কর্মকাণ্ডের কারণে মজুরি বোর্ডও স্বাভাবিক কার্যক্রম চালাতে পারছে না।

বিবৃতিতে আরও বলা হয়, অবিলম্বে স্বাভাবিক পরিস্থিতি ফিরে না এলে ১৫ নভেম্বর থেকে গাজীপুর, আশুলিয়া ও সাভার এলাকার কারখানাগুলো বন্ধ রাখতে বাধ্য হবে মালিকপক্ষ।

বিজিএমইএ জানায়, সংগঠন ও সরকারের অনুরোধ সত্ত্বেও একটি মহল অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে। শনিবার ৯২টি কারখানায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হয়, যার মধ্যে ৫৫টি কারখানা বন্ধ হয়ে যায়। সব মিলিয়ে ১৪৭টি কারখানায় উৎপাদন কার্যক্রম চালানো সম্ভব হয়নি।

বিজ্ঞাপন