বাংলাদেশে জ্বালানি সংকট কাটিয়ে উঠতে বায়োগ্যাস প্ল্যান্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
শুক্রবার (১৩ নভেম্বর) কুমিল্লার আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের বানাশুয়া গ্রামে একটি বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, দেশের প্রতিটি উপজেলায় বায়োগ্যাস প্ল্যান্টের কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, "যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে তরুণরা নিজেদের স্বাবলম্বী করবেন এবং পরিবারকেও স্বাবলম্বী করবেন।"
আমিনুল হক আরও জানান, এই পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। আগামী এক মাসের মধ্যে বায়োগ্যাস প্ল্যান্টের কার্যক্রম বৃহৎ পরিসরে প্রতিটি উপজেলায় পৌঁছানোর জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, "আমরা আগামী প্রজন্মকে মাদক, অপকর্ম ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলার উপযোগী মাঠ তৈরি করে দেব।"