জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে প্রায় ৩২ কোটি ডলার জরুরি ঋণ সহায়তা দেবে জাপান। আজ মঙ্গলবার সকালে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক শেষে এ ঘোষণা আসে।
বৈঠকে চারটি সমঝোতা স্মারক সই হয়েছে। এছাড়া, আগামী পাঁচ বছর জাপানের বেসরকারি খাত থেকে বাংলাদেশে এক ট্রিলিয়ন ইয়েন পর্যন্ত বিনিয়োগ এবং প্রায় ২ লাখ কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা জানিয়েছে টোকিও।
দ্বিপাক্ষিক বৈঠকে দুই নেতা গণতন্ত্র, আইনের শাসন এবং মুক্ত ইন্দো-প্যাসিফিক উদ্যোগের বিষয়ে অঙ্গীকার জানান। বৈঠক শেষে যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ-জাপান সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ এসেছে।
বঙ্গোপসাগর ঘিরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ দেখিয়েছে জাপান। তিনি জানান, বিগ-বি উদ্যোগকে আধুনিকীকরণ করা হবে। এতে অবকাঠামো, বিদ্যুত, শক্তি, গভীর সমুদ্রবন্দর ও আইসিটি সমন্বিত শিল্প ভ্যালু চেইনে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মাতারবাড়ি-মহেশখালী অঞ্চলকে প্রধান লজিস্টিক ও জ্বালানি হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা জানানো হয়েছে বিবৃতিতে। ঢাকার শাহজালাল বিমানবন্দরের ৩য় টার্মিনাল দ্রুত চালু করার প্রতিশ্রুতি দিয়েছে জাপান।