মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

মাইক্রোসফটের ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব

মাইক্রোসফট ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দিয়েছে, ব্যয় নিয়ন্ত্রণের লক্ষ্যে।

মাইক্রোসফটের ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব

ব্যয় নিয়ন্ত্রণ ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিনিয়োগের জন্য প্রায় ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দিয়েছে মাইক্রোসফট। সোমবার (২৬ অক্টোবর) ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের বরাত দিয়ে জানানো হয়, এ প্রস্তাবের আওতায় আসতে পারেন প্রতিষ্ঠানটির মোট বৈশ্বিক কর্মীর এক-চতুর্থাংশেরও বেশি কর্মী।

মাইক্রোসফটের লক্ষ্য হলো পরিচালন ব্যয় কমানো এবং এআই অবকাঠামো ও প্রযুক্তিতে বিনিয়োগ অব্যাহত রাখা। বর্তমানে বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে মাইক্রোসফটও এআই প্রযুক্তির উন্নয়নে বিপুল অর্থ ব্যয় করছে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, এ প্রস্তাবের আওতায় এআই এক্সপেরিয়েন্সেস, কোপাইলট, অর্থ, মানবসম্পদ, এক্সবক্স এবং উইন্ডোজ প্লাস ডিভাইসেস বিভাগের কর্মীরা আসবেন।

তবে বিপণন-বাণিজ্যিক কার্যক্রম ও নিরাপত্তা বিভাগের কর্মীরা এই প্রস্তাবের আওতায় থাকবেন না। মাইক্রোসফটের চিফ পিপল অফিসার অ্যামি কোলম্যান কর্মীদের উদ্দেশ্যে পাঠানো বার্তায় বলেন, যারা নতুন কিছু করার কথা ভাবছেন, তাদের জন্য এই প্রস্তাব সহায়তা করবে।

মাইক্রোসফট চলতি বছরে ১৭৫ বিলিয়ন ডলার মূলধনি ব্যয় খরচের পূর্বাভাস দিয়েছে। প্রতিষ্ঠানটির বার্ষিক প্রতিবেদনে বলা হয়, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত বিশ্বজুড়ে তাদের পূর্ণকালীন কর্মীর সংখ্যা ছিল ২ লাখ ২৩ হাজার। এ হিসাবে, ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দেওয়ার উদ্যোগটি একটি বড় অংশকে প্রভাবিত করবে।

সাম্প্রতিক সময়ে, মাইক্রোসফটের শেয়ারের দাম প্রায় ১০ শতাংশ বেড়েছে। চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রে কর্মরত প্রায় ৭ শতাংশ কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। এছাড়া, গত জুলাইয়ে প্রতিষ্ঠানটি ৪ হাজার ৮শ' কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছিল।

কোম্পানিটি জানায়, কানাডা, ভারত, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে নির্দিষ্ট বিভাগে কর্মরত ৭০ বা তার নিচের স্তরের যোগ্য কর্মীরা এই সুযোগ পাবেন। এটি একটি নির্দিষ্ট সময়ের জন্য চালু থাকা স্বেচ্ছামূলক কর্মসূচি।

বিজ্ঞাপন