শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ডেটা সেন্টার নিয়ে চাপ, আমেরিকার এআই বিনিয়োগ ঝুঁকিতে

ডেটা সেন্টার নির্মাণ নিয়ে জনঅসন্তোষ আমেরিকার এআই বিনিয়োগকে ঝুঁকিতে ফেলছে।

ডেটা সেন্টার নিয়ে চাপ, আমেরিকার এআই বিনিয়োগ ঝুঁকিতে

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে ব্যাপক বিনিয়োগের ফলে আমেরিকার শেয়ারবাজারে দীর্ঘমেয়াদি ঊর্ধ্বমুখী ধারা তৈরি হয়েছে। তবে আসন্ন মধ্যবর্তী নির্বাচনের প্রেক্ষাপটে ডেটা সেন্টার নির্মাণের কারণে জনঅসন্তোষ নতুন ঝুঁকি সৃষ্টি করতে পারে।

প্রযুক্তি কোম্পানিগুলো এআই অবকাঠামো গড়ে তুলতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে। ধারণা করা হচ্ছে, আগামী বছর ডেটা সেন্টারসহ এআই অবকাঠামোতে বিনিয়োগ এক ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। এতে কোম্পানিগুলোর আয় বৃদ্ধির পাশাপাশি শেয়ারবাজারেও ইতিবাচক প্রভাব পড়েছে।

তবে আমেরিকার বিভিন্ন অঞ্চলে ডেটা সেন্টারের সংখ্যা বাড়ার ফলে পরিবেশের ওপর চাপ, বিদ্যুতের চাহিদা ও খরচ বৃদ্ধি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা জয়ী হলে এআই খাতের ওপর নজরদারি বাড়তে পারে।

রয়টার্স-ইপসসের সাম্প্রতিক জরিপ অনুযায়ী, ৬৯ শতাংশ ডেমোক্র্যাট ভোটার ডেটা সেন্টার নির্মাণে সীমাবদ্ধতার পক্ষে। রিপাবলিকান ভোটারদের মধ্যে এ মতের হার ৪৩ শতাংশ। তবে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নিলেও বড় ধরনের বাধা সৃষ্টি করে এমন আইন পাস হওয়ার সম্ভাবনা কম বলে মনে করছেন বিশ্লেষকরা।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এআই খাতের সম্প্রসারণের পক্ষে অবস্থান নিয়েছেন। তবে কংগ্রেসে ক্ষমতার পালাবদল হলে এআই ও ডেটা সেন্টার নিয়ে তদন্ত ও শুনানি বাড়তে পারে, যা বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা সৃষ্টি করবে।

এদিকে, টেক্সাস, ওহাইও, পেনসিলভানিয়া, জর্জিয়া, নেভাদা, উইসকনসিন ও মিশিগানের মতো অঙ্গরাজ্যের নির্বাচনও বিনিয়োগকারীদের নজরে রয়েছে। কারণ এসব রাজ্যে স্থানীয় সরকার ও আইনসভা ডেটা সেন্টার নির্মাণের অনুমোদন ও নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বিশ্লেষকদের মতে, ডেটা সেন্টার নিয়ে রাজনৈতিক ও নীতিগত অনিশ্চয়তা এআই বিনিয়োগের প্রবণতাকে থামিয়ে দেবে না, তবে নতুন প্রকল্প বাস্তবায়নে সময় ও খরচ বেড়ে যেতে পারে, যা কোম্পানিগুলোর আয় ও শেয়ারদরে প্রভাব ফেলতে পারে।

বিজ্ঞাপন