শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

জলবায়ু অর্থায়নে বিকল্প উৎসের সন্ধানে বাংলাদেশ

জলবায়ু অর্থায়নে বিকল্প উৎস খোঁজার লক্ষ্যে বাংলাদেশ তুরস্কের জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ করছে।

জলবায়ু অর্থায়নে বিকল্প উৎসের সন্ধানে বাংলাদেশ

বাংলাদেশের অবদান বিশ্বব্যাপী মোট গ্রিনহাউস গ্যাস নিঃসরণে নগণ্য হলেও, জলবায়ু পরিবর্তনের ঝুঁকির মুখে দেশের অবস্থান অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ঘূর্ণিঝড়, বন্যা, নদী ভাঙন, লবণাক্ততা এবং তাপ প্রবাহের মতো প্রাকৃতিক দুর্যোগ কৃষি, পানি, জনস্বাস্থ্য এবং মানুষের জীবিকার ওপর ব্যাপক প্রভাব ফেলছে।

১৭ বছর আগে জলবায়ু অর্থায়নে ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড গঠন করা হয়। বাংলাদেশ ২০৫০ সাল পর্যন্ত ১১৩টি অগ্রাধিকার উদ্যোগ বাস্তবায়নের জন্য প্রায় ২৩০ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন বলে জানিয়েছে। তবে অর্থের জোগান নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি।

বর্তমানে তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে ক্লাইমেট বাজেট ইস্যু নিয়ে আলোচনা চলছে। উন্নত ও উন্নয়নশীল দেশের মধ্যে ঋণ এবং অনুদানের বিষয়ে মতবিরোধ স্পষ্ট। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক অর্থায়নের লক্ষ্য ১.৩ ট্রিলিয়ন ডলার। এর মধ্যে ৩০০ বিলিয়ন ডলার উন্নয়নশীল দেশগুলোর জন্য নির্ধারিত।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ বলেছেন, জলবায়ু অর্থায়নে অনুদানের মাধ্যমে দেশের অভিযোজন ও মিটিগেশন কার্যক্রম চালানো হবে। তিনি জানান, কার্বন ক্রেডিটের জন্য ন্যাশনাল ফ্রেমওয়ার্কের খসড়া চূড়ান্ত হয়েছে এবং এটি মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

বিশ্লেষকরা মনে করছেন, বিকল্প অর্থায়নে বন্ড এবং শস্য বিমা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। জলবায়ু অর্থায়ন বিশেষজ্ঞ মো. শামসুদ্দোহা বলেন, অর্থনৈতিক সংকটের মধ্যে ইনোভেশন এবং ল্যান্ডেড ফাইন্যান্সের দিকে এগিয়ে যেতে হবে।

বাংলাদেশ জলবায়ু ঝুঁকিপূর্ণ স্বল্পোন্নত দেশের সম্মিলিত দাবি আদায়ে নেতৃত্ব দিতে চায়।

বিজ্ঞাপন