যুক্তরাষ্ট্রের ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন (ডিএফসি) বাংলাদেশকে অর্থায়নের জন্য যোগ্য দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। এর ফলে বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে মার্কিন সরকারি ও বেসরকারি বিনিয়োগের সুযোগ বৃদ্ধি পাবে।
১৬ নভেম্বর সোমবার, ওয়াশিংটন ডিসি থেকে ডিএফসি এক বিবৃতিতে জানায়, বাংলাদেশের প্রকল্পগুলো এখন থেকে তাদের অর্থায়নের জন্য বিবেচিত হবে। এই সিদ্ধান্ত বাংলাদেশের জ্বালানি, অবকাঠামো ও প্রযুক্তি খাতের প্রকল্পে নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি করবে।
বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়নের চাহিদা পূরণে বেসরকারি বিনিয়োগকে কাজে লাগানোর সুযোগ তৈরি হয়েছে। বাণিজ্যিকভাবে লাভজনক ও উন্নয়নমূলক প্রকল্পে ডিএফসির সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।
ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেন ব্ল্যাক বলেন, "বাংলাদেশের এই যোগ্যতা অর্জন দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও গভীর করবে এবং দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধিতে সহায়ক বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করবে।"
তিনি আরও জানান, গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পে সহায়তা করে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা উন্মোচনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থও এগিয়ে নেওয়া সম্ভব হবে।
উল্লেখ্য, দক্ষিণ এশিয়ায় জ্বালানি, অবকাঠামো ও প্রযুক্তিগত প্রকল্পে বিনিয়োগে সহায়তা প্রদান করে থাকে যুক্তরাষ্ট্রের ডিএফসি।