জ্বালানি ও কাঁচামালের খরচ বৃদ্ধির ফলে দেশের ৭০ শতাংশ ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালন ব্যয় বৃদ্ধি পেয়েছে। এই তথ্য উঠে এসেছে বহুজাতিক ব্যাংক এইচএসবিসির ‘গ্লোবাল ট্রেড পালস সার্ভে ২০২৬’ শীর্ষক জরিপে।
জরিপ অনুযায়ী, আগামী দুই বছরে এই ব্যয় আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে ৭৬ শতাংশ ব্যবসা প্রতিষ্ঠান। ক্রমবর্ধমান পরিচালন ব্যয় এবং তারল্যসংকট স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
এতে উল্লেখ করা হয়েছে যে, ৫০ শতাংশ ব্যবসা প্রতিষ্ঠান জ্বালানি ব্যয়কে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে প্রধান চাপ হিসেবে চিহ্নিত করেছে।
এছাড়া, ৪৯ শতাংশ প্রতিষ্ঠান কাঁচামালের দাম বৃদ্ধিকে একটি বড় সমস্যা হিসেবে দেখছে। জরিপে ৬৪ শতাংশ প্রতিষ্ঠান জানিয়েছে, ২০২৫ সালের পর থেকে তাদের নগদ টাকার চাহিদা বেড়েছে।