সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত

পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণের সভা স্থগিত, নতুন তারিখ পরে জানানো হবে।

পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে আজকের তৃতীয় সভা স্থগিত করেছে নিম্নতম মজুরি বোর্ড। সভাটি সোমবার বেলা ১১টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে অনিবার্য কারণে এটি স্থগিত করা হয়।

নিম্নতম মজুরি বোর্ডের পক্ষ থেকে সকালে সভা স্থগিতের বিষয়টি জানিয়ে নতুন তারিখ পরে জানানো হবে বলে নোটিস জারি করা হয়েছে। এর আগে ৪ নভেম্বর অনুষ্ঠিত প্রথম সভায় মালিক ও শ্রমিক পক্ষকে নিজ নিজ প্রস্তাবিত মজুরি কাঠামো জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

৯ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ তাদের প্রস্তাবে মাসিক নিম্নতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের দাবি জানায়। অন্যদিকে, মালিকপক্ষকে প্রস্তাব জমা দিতে চার দিন সময় দেওয়া হয়। শ্রমিক নেতারা মালিকপক্ষকে আজকের মধ্যে মজুরি বোর্ডে প্রস্তাব দেওয়ার আহ্বান জানিয়েছেন।

এদিকে, গাজীপুর, সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে বেশিরভাগ কারখানায় শ্রমিকরা কাজে ফিরলেও মালিকপক্ষের সিদ্ধান্তে বেশ কিছু কারখানা আজও বন্ধ রয়েছে। গাজীপুরে ২২টি কারখানা বন্ধ এবং ২টিতে ছুটি ঘোষণা করা হয়েছে।

সকাল ৮টার আগে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়ে উৎপাদন শুরু করে। তবে চলমান শ্রমিক অসন্তোষের কারণে মালিকপক্ষের সিদ্ধান্তে সাভার ও আশুলিয়ার বেশ কয়েকটি কারখানা বন্ধ রয়েছে।

যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। কারখানার প্রধান ফটক ও মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ, বিজিবি এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞাপন