সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

ঋণের গুণগত মান নিশ্চিত করতে হবে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী ঋণের গুণগত মান নিশ্চিতকরণের ওপর গুরুত্বারোপ করেছেন।

ঋণের গুণগত মান নিশ্চিত করতে হবে: অর্থমন্ত্রী

দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে ঋণ ব্যবস্থাপনায় আরও সতর্ক হওয়ার পাশাপাশি ঋণের গুণগত মান নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, ‘শুধু ঋণ গ্রহণ করলেই হবে না, সেই অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। বিনিয়োগের বিপরীতে সুফল, কর্মসংস্থান সৃষ্টি এবং ঋণ পরিশোধের সক্ষমতা বাড়ানোর ওপরও জোর দিতে হবে।’

মন্ত্রী আরও জানান, প্রচলিত ঋণের বাইরে বিকল্প অর্থায়নের উৎস খুঁজছে সরকার। এ জন্য ডলার বন্ড, সামুরাই বন্ড, পান্ডা বন্ড ও সুকুক বন্ডের মতো উদ্যোগ নেওয়া হচ্ছে।

রোববার দুপুরে কক্সবাজারে আয়োজিত আন্তর্জাতিক ঋণ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় কক্সবাজারের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, ‘মহেশখালী ও মাতারবাড়ীতে চলমান উন্নয়ন কর্মকাণ্ড শুধু কক্সবাজার নয়, দেশের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

সরকারি ঋণ ব্যবস্থাপনা নিয়ে দেশে প্রথমবারের মতো আয়োজিত দুই দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলন সোমবার শেষ হবে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) যৌথ আয়োজনে সম্মেলনে ৩০টি দেশের প্রায় ১০০ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন।

আয়োজকেরা জানান, দুই দিনে সম্মেলনে মোট সাতটি অধিবেশন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দিনে সুকুক ও ইসলামি অর্থায়ন, ঋণ ব্যবস্থাপনা দপ্তর গঠন এবং বিকল্প অর্থায়ন নিয়ে আলোচনা হবে।

বিজ্ঞাপন