বরিশালে ইলিশ আহরণের জন্য ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হলেও মোকামগুলোতে ইলিশের দেখা নেই। সংকটের কারণে বাজারে ইলিশের দামও বেড়ে গেছে।
মৎস্য অধিদপ্তরের মতে, আবহাওয়ার পরিবর্তন, প্রাকৃতিক পরিবেশের বিপর্যয় এবং নদীগুলোর নাব্যতা সংকটের কারণে ইলিশের উৎপাদন কমছে। বরিশালের মোকামগুলোতে জেলেরা নদী থেকে ফিরছেন শূন্য হাতে, ফলে পোর্ট রোডসহ আড়ৎগুলোতে বেচাবিক্রি নেই।
বরিশাল পোর্ট রোড মৎস্য আড়ৎদার সমিতির সভাপতি মো. জহির সিকদার বলেন, ‘গত বছরের তুলনায় এ বছর অর্ধেকও উৎপাদন নেই।’ তিনি আরও জানান, সরবরাহ কম থাকায় বাজারে ইলিশের দাম আকাশ ছুঁয়েছে, যা সাধারণ মানুষের নাগালের বাইরে।
বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে বরিশালে ইলিশ উৎপাদন ছিল ৩ লাখ ৭২ হাজার ৩৪৩ মেট্রিক টন। ২০২৩-২৪ অর্থবছরে তা কমে ৩ লাখ ৪৮ হাজার ৮৩৪ মেট্রিক টনে দাঁড়িয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে উৎপাদন আরও কমে ৩ লাখ ৩৪ হাজার ৭৮৩ মেট্রিক টন হয়েছে। সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে ইলিশ উৎপাদন নেমে এসেছে ২ লাখ ৬৬ হাজার ৫৯৭ দশমিক ১৫০ মেট্রিক টনে।
মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগের পরিচালক মো. কামরুল হাসান জানান, ‘গত কয়েক বছর ধরেই বরিশাল বিভাগে আশঙ্কাজনক হারে কমছে ইলিশের উৎপাদন।’ সংশ্লিষ্টরা মনে করছেন, এই পরিস্থিতির জন্য আবহাওয়ার পরিবর্তন এবং প্রাকৃতিক পরিবেশের বিপর্যয় দায়ী।