পোশাকশ্রমিকদের জন্য নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভাটি আজ সোমবার (১৬ নভেম্বর) স্থগিত করা হয়েছে। সভাটি বেলা ১১টায় শ্রম ভবনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সকালেই ‘অনিবার্য’ কারণে সভাটি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
মজুরি বোর্ডের নতুন সভার তারিখ শিগগিরই নির্ধারণ করা হবে। জানা গেছে, স্থায়ী বোর্ড সদস্য ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, যার কারণে বোর্ড সভা করা সম্ভব হচ্ছে না।
আজকের সভায় মালিকপক্ষের প্রতিনিধিদের বেতন কাঠামোর প্রস্তাব পেশ করার কথা ছিল। পোশাকশিল্পের শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবিতে গত মাস থেকে আন্দোলন করে আসছিলেন। ১ নভেম্বর শ্রম মন্ত্রণালয় নিম্নতম মজুরি বোর্ড গঠন করে।
গত সোমবার অনুষ্ঠিত বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধিরা ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেন। উদ্যোক্তারা জানান, শিল্পের সক্ষমতা বিবেচনায় নিয়ে প্রস্তাবনা তৈরি করা হচ্ছে।
পোশাকশ্রমিকদের সর্বশেষ ন্যূনতম মজুরি ২০২৩ সালের নভেম্বরে ঘোষণা করা হয়েছিল, যা পরের মাসে কার্যকর হয়। সেই হিসাবে, বর্তমান নিম্নতম মজুরির মেয়াদ চলতি নভেম্বরে শেষ হবে। ২০২৩ সালে ন্যূনতম মজুরি ৮ হাজার থেকে বাড়িয়ে সাড়ে ১২ হাজার টাকা করা হয়েছিল, যা ৫৬ শতাংশ বৃদ্ধি নির্দেশ করে।