বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

শ্রমিক আন্দোলন ঘিরে গুজব: তথ্য যাচাইয়ে ধরা পড়ছে অপতথ্য

শ্রমিক আন্দোলনকে ঘিরে সামাজিকমাধ্যমে অপতথ্য ছড়ানো হচ্ছে, তথ্য যাচাইয়ে মিথ্যা দাবি শনাক্ত করেছে প্রতিষ্ঠানগুলো।

শ্রমিক আন্দোলন ঘিরে গুজব: তথ্য যাচাইয়ে ধরা পড়ছে অপতথ্য

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলমান পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে সামাজিকমাধ্যমে নানা ধরনের অপতথ্য ও গুজব ছড়ানো হচ্ছে। তথ্য যাচাইকারী প্রতিষ্ঠানগুলো এসব দাবির সত্যতা যাচাই করে মিথ্যা বা বিভ্রান্তিকর হিসেবে শনাক্ত করেছে।

রিউমার স্ক্যানারের একটি ফ্যাক্টচেকে দেখা যায়, ফেসবুকে ‘শিরীন শারমীন চৌধুরী’ নামের একটি গ্রুপে এম মাকসুদুর রহমান নামের এক ব্যক্তির পোস্টে দাবি করা হয়, শ্রমিক আন্দোলনে পুলিশের গুলিতে দুজন শ্রমিক নিহত হয়েছেন। তবে যাচাইয়ে দেখা যায়, পোস্টে ব্যবহৃত ভিডিওটি চলতি বছরের ২১ ফেব্রুয়ারি প্রকাশিত একটি ফ্যাক্টচেকের ভিডিও, যা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হয়েছিল।

অন্যদিকে, গাজীপুরে পুলিশের গুলিতে এক স্কুলশিক্ষার্থী আহত হওয়ার দাবিকে মিথ্যা বলে শনাক্ত করেছে রিউমার স্ক্যানার। ‘এএলবিডি মিডিয়া সেল’ নামের একটি ফেসবুক পেজ থেকে শেয়ার করা ফটোকার্ডে দাবি করা হয়, পুলিশের গুলিতে বিকেএসপি স্কুলের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী মৃত্যুশয্যায় রয়েছে। তবে প্রকৃতপক্ষে, ওই শিক্ষার্থী ইটের আঘাতে আহত হয়েছিল এবং বর্তমানে সে বাসায় রয়েছে বলে তার বাবা নিশ্চিত করেছেন।

দ্য ডিসেন্ট নামের আরেক তথ্য যাচাইকারী প্রতিষ্ঠানও ‘দৈনিক সংবাদ সূত্র’ নামের একটি ফেসবুক পেজ থেকে ছড়ানো একটি ফটোকার্ডের তথ্য যাচাই করেছে। এতে বলা হয়, ‘গাজীপুরে আন্দোলনরত গার্মেন্টস শ্রমিককে নির্মমভাবে হত্যা করেছে বিএনপি, জামায়াতের ক্যাডার বাহিনী’। তবে এটি মূলত অন্য একটি ঘটনার ছবি বলে জানায় প্রতিষ্ঠানটি।

ফলে, শ্রমিক আন্দোলন নিয়ে সামাজিকমাধ্যমে ছড়ানো এসব দাবি ও ছবি-ভিডিওর সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। তথ্য যাচাইকারী প্রতিষ্ঠানগুলোর অনুসন্ধানে দেখা যাচ্ছে, পুরোনো বা ভিন্ন ঘটনার ছবি-ভিডিও এবং কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি উপকরণ ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।

বিজ্ঞাপন