জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ ও জাতীয় নাগরিক পার্টি–এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, পোশাক শ্রমিকদের আন্দোলন যৌক্তিক। তিনি আজ মঙ্গলবার পাবনা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপি পাবনা জেলা শাখার আয়োজনে সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় নির্বাচন কেন্দ্রিক পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভার আগে গণমাধ্যমকর্মীদের সঙ্গে ব্রিফিংয়ে এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, 'সরকারের সঠিক পরিকল্পনা না থাকায় শ্রমিকদের আন্দোলনের এই পরিস্থিতি তৈরি হয়েছে। কোনো ন্যায্য আন্দোলনকে ষড়যন্ত্র বলে পার পাওয়া যায় না।' তিনি আরও বলেন, 'যদি এই আন্দোলনে ফ্যাসিস্টরা ঢুকে থাকে এবং তারা যদি নৈরাজ্য করার চেষ্টা করে, এর দায়িত্বও সরকারকেই নিতে হবে।'
তিনি উল্লেখ করেন, 'সরকার বিরোধী দল দমনে গোয়েন্দা শক্তি ব্যবহার করছে, কিন্তু দেশের শত্রুদের সম্পর্কে সরকারের কাছে কোনো গোয়েন্দা তথ্য নেই।' নাহিদ ইসলাম বলেন, 'অন্তর্বর্তী সরকার পাঁচশ আন্দোলন মোকাবিলা করেছে। আন্দোলন থামবে তখনই যদি সরকারের ওপরে জনগণের আস্থা থাকে।'
এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে তিনি বলেন, 'গতকাল আবারও সিলিন্ডার গ্যাসের দাম বাড়ানো হয়েছে। আগে যখন ১৮০০ টাকা ছিল, এখন খোলা বাজারে ২৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এটি আরও বাড়বে। আমরা জনগণকে আহ্বান করব, আপনাদের রাজপথে নামতে হবে।'