ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ১০ম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে এ বৈঠক হয়।
বৈঠকে কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন চীফ হুইপ নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নূরুল হক, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন এবং মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
বৈঠকের সময় জুলাই গণঅভ্যুত্থানে অবদান রাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করা হয়। মতবিনিময়ের অংশ হিসেবে সংবিধানে শিক্ষা ও চিকিৎসাকে মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করার বিষয়ে আলোচনা করা হয়।
এছাড়াও, জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা, গণঅভ্যুত্থানের দাবি বাস্তবায়ন, প্রধানমন্ত্রীর বিদ্যমান ক্ষমতা, নারী ও শিশুর সুরক্ষা নিশ্চিতকরণ, জরুরি অবস্থাসংক্রান্ত বিধান, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা এবং গণভোটের মতো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদের অবদানের প্রতি শ্রদ্ধা জানানো হয়। তরুণদের কল্যাণে জনবান্ধব সংবিধান সংশোধনের মাধ্যমে জাতির জন্য একটি যুগোপযোগী সংবিধান প্রণয়নের বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় উল্লেখ করা হয়, জুলাই সনদে ‘সংবিধান সংশোধন সাপেক্ষে সংস্কার’-এর কথা স্পষ্টভাবে বলা হয়েছে। সরকার জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নের বিষয়ে আন্তরিক। বিরোধী পক্ষের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য তরুণদের প্রতি অনুরোধ জানানো হয়।
বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।