বিরোধীদল যদি নোট অব ডিসেন্টে পরিবর্তন চায়, তাহলে তাদের বৈঠকে এসে প্রস্তাব দিতে হবে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। শনিবার সংসদ ভবনে সংবিধান বিশেষজ্ঞ ও জ্যেষ্ঠ আইনজীবীদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
মন্ত্রী আরও জানান, উচ্চকক্ষের সদস্যদের মধ্য থেকে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা করার নতুন প্রস্তাব এসেছে। রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে বিশেষ কমিটি।
বৈঠকে উপস্থিত ছিলেন সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক, সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলসহ ৪৪ জন। বৈঠকটি ৬ ঘণ্টা স্থায়ী হয়।
বিশেষজ্ঞরা জানান, সংবিধান সংশোধন কমিটি ও সংস্কার পরিষদ নিয়ে যে রাজনৈতিক বিরোধ চলছে, তা কাঙ্ক্ষিত নয়। ড. আসিফ নজরুল বলেন, ‘এখন এটা রাজনৈতিক বিতর্কের বিষয়বস্তুতে পরিণত হয়েছে।’
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, ‘বিরোধীদল যদি নোট অব ডিসেন্ট শিথিল করতে চায়, তাহলে তাদের কমিটিতে এসে প্রস্তাব দিতে হবে। তখন কমিটি বিবেচনা করতে পারবে।’
সংবিধান সংশোধন কমিটি ডিসেম্বরের মধ্যে খসড়ার কাজ শেষ করতে চায় এবং ২০২৭ সালের জানুয়ারিতে সংসদ অধিবেশনে বিল উত্থাপনের লক্ষ্য তাদের। উল্লেখ্য, বৈঠকে বিরোধী দলগুলো অংশগ্রহণ করেনি।