জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে মঙ্গলবার বিকেলে সংবিধান সংশোধনের বিশেষ কমিটির সপ্তম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, বিরোধী দল অংশ না নিলেও বিতর্কের সুযোগ থাকবে।
মন্ত্রী বলেন, সরকার বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে চায় এবং এখতিয়ার নির্ধারণের প্রক্রিয়া নিয়ে কাজ করছে। বৈঠকে শিক্ষাবিদ ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন এবং তারা সব ধরনের বৈষম্য দূর করার প্রস্তাব তুলে ধরেন।
জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহ বলেন, “এমন একটি সংবিধান তৈরি করা উচিত যা দেশের সর্বাধিক রাজনৈতিক দল, রাজনৈতিক শক্তি, বুদ্ধিজীবী এবং সাধারণ জনগণের চিন্তাকে প্রতিফলিত করে।”
সমাজবিজ্ঞান বিভাগের ড. সামিনা লুৎফা বৈঠকে নারীর কণ্ঠস্বর, ভিন্ন জাতিসত্ত্বা, লিঙ্গ, সাংস্কৃতিক বৈচিত্র্যসহ বিভিন্ন বিষয়ে আলাদা করে প্রস্তাব দিয়েছেন।
মন্ত্রী আরও জানান, বিরোধী দলের অংশগ্রহণের আহ্বান জানানো হচ্ছে এবং তারা লিখিত ও মৌখিক মতামত দিতে পারবেন। তিনি বলেন, “বিতর্ক তৈরি হবে কিনা জানি না, তবে বিতর্ক করার সুযোগ থাকবে।”
মন্ত্রী বলেন, সরকারের একটি অঙ্গ যেন অন্যের ওপর খবরদারি করতে না পারে, সেই চেষ্টা করা হচ্ছে। তিনি সংবিধান সংশোধনের ক্ষেত্রে জনগণের প্রত্যাশা পূরণের অঙ্গীকার করেন।