যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অবৈধভাবে ভোট দেওয়ার অভিযোগে ইসরায়েলি নাগরিক ইয়েহুদা পিয়ারের বিরুদ্ধে মামলা করেছে মার্কিন বিচার বিভাগ। তিনি যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হলেও দেশের নাগরিক নন।
শুক্রবার (২৩ অক্টোবর) মার্কিন বিচার বিভাগ জানায়, পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের নয়জন বাসিন্দার বিরুদ্ধে মামলা করা হয়েছে, যাদের বিরুদ্ধে ২০২৪ সালের নির্বাচনে অবৈধভাবে ভোট দেওয়ার অভিযোগ রয়েছে। তাদের মধ্যে ইয়েহুদা পিয়ার অন্যতম।
অভিযোগ অনুযায়ী, পিয়ারের বিরুদ্ধে ২০২৪ সালের নির্বাচনে ভোট দেওয়ার অভিযোগ আনা হয়েছে, যা মার্কিন আইন অনুযায়ী একটি অপরাধ। এ ঘটনায় পোল্যান্ড, কিউবা, কেনিয়া, রাশিয়া, গ্রিস ও নেদারল্যান্ডসের নাগরিকদের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ রয়েছে।
মার্কিন অ্যাটর্নি ব্রায়ান মিলার বলেছেন, অবৈধ ভোট দেওয়ার অপরাধ নির্বাচনের অখণ্ডতা ক্ষুণ্ন করে এবং বৈধ ভোটারদের ভোটাধিকার হরণ করে। তিনি জানান, 'এ ধরনের মামলাগুলো আমাদের গণতান্ত্রিক প্রজাতন্ত্রের মৌলিক নীতির প্রতি গুরুতর আঘাত।'
ফেডারেল নির্বাচনে অবৈধভাবে ভোট দেওয়ার অভিযোগের প্রেক্ষিতে হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনসের কর্মকর্তা নাথান অ্যাবেল বলেন, 'এ ধরনের আইন লঙ্ঘন আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর ওপর জনসাধারণের আস্থা দুর্বল করে।'
তবে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি। মামলাগুলোর বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই অভিযোগগুলোর সত্যতা নির্ধারিত হবে।