ফ্রান্স, যুক্তরাজ্যসহ ইউরোপের আটটি দেশ ২০২৭ সালের প্রথম তিন মাসের মধ্যে ফিলিস্তিনে নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছে। শনিবার (২৮ নভেম্বর) ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
এই বিবৃতিতে স্বাক্ষর করেছেন অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা, ফ্রান্স, লুক্সেমবার্গ, নরওয়ে, পোল্যান্ড ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা। তারা ফিলিস্তিনি কর্তৃপক্ষের (প্যালেস্টিনিয়ান অথরিটি) প্রতি নির্বাচনের গুরুত্ব তুলে ধরেছেন।
এদিকে, ফিলিস্তিনের গাজা উপত্যকায় বাস্তুচ্যুত মানুষের জন্য প্রায় এক লাখ তাঁবু এবং শীতকালীন প্রয়োজনীয় সামগ্রীবাহী ৯ হাজারের বেশি ট্রাক প্রবেশ করেছে বলে দাবি করেছে ইসরায়েল। তবে গাজার শীতকালীন জরুরি কমিটি এই দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে।
কমিটির দাবি, বিপুলসংখ্যক তাঁবু ও শীতকালীন সহায়তার কথা বলা হলেও বাস্তবে এর বড় অংশ এখনও বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের কাছে পৌঁছায়নি। তারা জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থাগুলোর কাছে জবাবদিহি চেয়েছে।
টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে কমিটি জানায়, ইসরায়েলি কর্তৃপক্ষের দেওয়া পরিসংখ্যানের সঙ্গে মাঠপর্যায়ের বাস্তব পরিস্থিতির কোনো মিল নেই। অধিকাংশ বাস্তুচ্যুত পরিবার এখনও নতুন তাঁবু কিংবা শীত মোকাবিলার প্রয়োজনীয় সামগ্রী পায়নি।
কমিটি আরও জানায়, এসব আশ্রয়কেন্দ্র ঠান্ডা, বৃষ্টি ও ঝোড়ো বাতাস থেকে সুরক্ষা দেওয়ার জন্য যথেষ্ট নয়। শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে এসব আশ্রয়ে বসবাসকারী বাস্তুচ্যুত মানুষের দুর্ভোগও বাড়ছে।
কমিটির অভিযোগ, ইসরায়েল অবশিষ্ট প্রায় ৬৫ হাজার তাঁবু বাস্তুচ্যুত মানুষের কাছে পৌঁছাতে না পারার দায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ওপর চাপিয়েছে। তারা জাতিসংঘের কাছে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছে।
গাজার পরিস্থিতি নিয়ে ইসরায়েলের দাবি এবং মাঠপর্যায়ের বাস্তবতার মধ্যে বিরোধ নতুন করে মানবিক সহায়তা বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহির প্রশ্ন সামনে এনেছে।