বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আজ শনিবার ঠাকুরগাঁওয়ে এক নির্বাচনী জনসভায় হুঁশিয়ারি দিয়েছেন যে, নির্বাচনে কোনো ধরনের কারচুপি বা জালিয়াতি বরদাশত করা হবে না।
জেলা স্কুল বড় মাঠে অনুষ্ঠিত এই জনসভায় তিনি বলেন, "নির্বাচনে তালবাহানা করা হলে নির্বাচন অফিস ঘেরাও করা হবে।" ভোটকেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তাদের বিরুদ্ধে কারচুপির অভিযোগ থাকলে কেন্দ্র ঘেরাও করার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
গোলাম পরওয়ার বলেন, "আমাদের বক্তব্য পরিষ্কার–ভোটাররা যেন নির্ভয়ে ভোট দিতে পারেন। আমরা ভোট ডাকাতি করব না, জালিয়াতি করব না, কাউকে করতেও দেবো না।"
তিনি সরকারকে লক্ষ্য করে বলেন, "১৯৯৪ সালের মতো একটি আসন নিতে গিয়ে যেন সরকার বেকায়দায় না পড়ে।" এ সময় বিএনপি সরকারের সমালোচনা করে কৃষকদের সারসংকট, বিদ্যুৎ সমস্যা ও জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন।
জনসভায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেন, বিরোধী দলে থেকেও উন্নয়ন করা সম্ভব, তা দেখিয়ে দেওয়া হয়েছে।
জনসভায় জামায়াতের সহকারী সেক্রেটারি হালিম উদ্দীন এবং ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১১-দলীয় জোটের প্রার্থী দেলাওয়ার হোসেনসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।