ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায় স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূঁইয়ার মধ্যে বাগ্বিতণ্ডার ঘটনায় পুলিশ সাধারণ ডায়েরি (জিডি) করেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে এই জিডিটি করা হয়। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যার পর বিষয়টি জানাজানি হয়।
ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া জানান, ঘটনার সময় থানায় উপস্থিত ব্যক্তিদের তালিকা তৈরি করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা নেতা-কর্মীদের নিয়ে সরাইল থানায় যান। সেখানে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা সৃষ্টি হয়। দুই পক্ষের উত্তপ্ত কথোপকথনের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
রুমিন ফারহানার কর্মী-সমর্থকদের অভিযোগ, কয়েকদিন ধরে সংসদ সদস্যের সঙ্গে ওসির দূরত্ব তৈরি হয়েছে। তারা দাবি করেন, সংসদ সদস্য ও তার ব্যক্তিগত সহকারী (পিএস) জাকির হোসেন ফোন করলেও ওসি সাড়া দেননি। এমনকি সংসদ সদস্য নিরাপত্তা চেয়েও পাননি বলে অভিযোগ করেন তারা।
রুমিন ফারহানা বলেন, ওসির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ নিয়ে আলোচনা করতেই তিনি থানায় গিয়েছিলেন। অভিযোগগুলোর তারিখ ও বিবরণ উল্লেখ করে দুই পাতার একটি তালিকা সঙ্গে নিয়ে গিয়েছিলেন। তবে ওসি কোনো মন্তব্য করেননি এবং অভিযোগগুলোর সদুত্তর দিতে পারেননি বলে দাবি করেন তিনি।
এদিকে, ওসি মঞ্জুর কাদের ভূঁইয়ার বিরুদ্ধে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন রুমিন ফারহানার ব্যক্তিগত সহকারী জাকির হোসেন।