ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সংসদ ভবনের কেবিনেট কক্ষে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকের সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জয়নুল আবেদীন, পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক, ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন এবং মো. মাহমুদুল হক রুবেল।
বৈঠকে দেশের বিভিন্ন ইলেকট্রনিক, টিভি ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিরা এবং টকশোতে অংশগ্রহণকারী ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা সংবিধান সংশোধন সম্পর্কিত বিভিন্ন বিষয়ে প্রস্তাব উত্থাপন করেন। কমিটি বৈঠকে আলোচনার বাইরে লিখিত প্রস্তাব পাঠানোর জন্য অনুরোধ জানায়।
কমিটি জানায়, উত্থাপিত প্রস্তাবগুলো এবং লিখিত আকারে পাঠানো প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। আগামী বৈঠকে সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ, নারী নেতৃত্বদানকারী ব্যক্তি, সংবিধান বিষয়ে বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, এবং জুলাই গণঅভ্যুত্থানের সাথে সম্পৃক্ত ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হবে।
বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।