জাতীয় সংসদে সংবিধান সংশোধনের লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদে চিফ হুইপ নূরুল ইসলাম মনি এই কমিটি গঠনের প্রস্তাব করেন। প্রস্তাবটি সংসদে কণ্ঠভোটে অনুমোদিত হয়।
ক্ষমতাসীন দলের পক্ষ থেকে বিরোধী দলকে কমিটিতে যুক্ত হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, তবে তারা এতে যোগ দেয়নি। বরং বিশেষ কমিটি গঠনের প্রতিবাদে বিরোধীরা সংসদ থেকে ওয়াকআউট করে। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন জানান, "সরকার সংবিধান সংশোধন কমিটিতে থাকার প্রস্তাব দিয়েছে, তবে সেখানে নৈতিক সমর্থন নেই। তাই আমরা ওয়াকআউট করেছি।"
বিরোধী দলের দাবি, সংবিধান সংশোধন কমিটি নয়, বরং সংবিধান সংস্কার কমিশন গঠন করা উচিত। এ নিয়ে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে মতানৈক্য চলছে।
গঠিত কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, বিএনপির সংসদ সদস্য জয়নুল আবেদীন, শাকিলা ফারজানা, মাহমুদুল হক রুবেল, গণসংহতি আন্দোলনের সংসদ সদস্য জোনায়েদ আব্দুর রহিম সাকি, বিজেপির সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ, গণঅধিকার পরিষদের সংসদ সদস্য নুরুল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য মো. অলি উল্লাহ।
কমিটিতে বিরোধী দলের প্রতিনিধিদের অন্তর্ভুক্তির জন্য পাঁচটি সদস্যপদ খালি রাখা হয়েছে।