বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন কমিটির ১০ম বৈঠক অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন কমিটির ১০ম বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে ছাত্র আন্দোলনের বিষয়ে আলোচনা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন কমিটির ১০ম বৈঠক অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ১০ম বৈঠক আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৈঠকে কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন চীফ হুইপ নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নূরুল হক, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন এবং মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানে অবদান রাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করা হয়। মতবিনিময়ের সময় সংবিধানে শিক্ষা ও চিকিৎসাকে মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করা, গণঅভ্যুত্থানের দাবি বাস্তবায়ন এবং নারী ও শিশুর সুরক্ষা নিশ্চিতকরণের বিষয়ে আলোচনা করা হয়।

জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদের অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে কমিটি উল্লেখ করে, তরুণদের কল্যাণে একটি জনবান্ধব ও যুগোপযোগী সংবিধান প্রণয়নের প্রয়োজনীয়তা রয়েছে।

বৈঠকে জানানো হয়, জুলাই সনদের ৬(ক) তে উল্লিখিত ‘সংবিধান সংশোধন সাপেক্ষে সংস্কার’- বিষয়টি নিয়ে সকল দল একমত পোষণ করলেও বিরোধী দল বর্তমানে অপপ্রচার চালিয়ে যাচ্ছে।

কমিটি আরও জানায়, সরকার জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন বিষয়ে আন্তরিক। তরুণরা সরকারের ওপর আস্থা রেখে বৈঠকে সহমত পোষণ করেছে।

বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন