বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

বিরোধীদলসহ সব পক্ষের সঙ্গে আলোচনা করে সংবিধান সংশোধন হবে

সংবিধান সংশোধনে সব পক্ষের সাথে আলোচনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বিরোধীদলসহ সব পক্ষের সঙ্গে আলোচনা করে সংবিধান সংশোধন হবে

সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বিরোধীদলসহ সব পক্ষের সাথে আলোচনা করে সংবিধান সংশোধন করা হবে। তিনি বলেন, জুলাই সনদে দেওয়া নোট অব ডিসেন্টের বিষয়ে যদি বিরোধীদল পরিবর্তন আনতে চায়, সেটাও আলোচনা হতে পারে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সংসদের কেবিনেট কক্ষে সংবিধান সংশোধন কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিভিন্ন ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যমের জেষ্ঠ্য সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানানো হয়। তারা বৈঠকে নিজেদের অভিমত তুলে ধরেন।

বৈঠক শেষে সালাহউদ্দিন আহমদ জানান, প্রধানমন্ত্রী পদে কেউ ১০ বছরের বেশি থাকতে পারবে না, তা থেকে বিএনপি সরে আসেনি। জনগণের চাহিদা মোতাবেক দীর্ঘ মেয়াদে প্রধানমন্ত্রী রাখার প্রস্তাব বিএনপির ৩১ দফা বিরোধী।

তিনি আরও জানান, দ্বি-কক্ষবিশিষ্ট সংসদীয় পদ্ধতির বিষয়ে সিদ্ধান্ত হবে সংসদে। সংবিধান সংশোধনী সংসদে পাশ হলে রাষ্ট্রপতি স্বাক্ষরের আগে গণভোট আয়োজনের কথাও জানানো হয়।

সালাহউদ্দিন আহমদ বলেন, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নেওয়া হয়েছে। জুলাইয়ে আহত-নিহতদের পরিবারসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আরও আলোচনা করা হবে।

তিনি উল্লেখ করেন, বিচার বিভাগের স্বাধীনতা ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে। তবে তত্ত্বাবধায়ক সরকার কী প্রক্রিয়ায় গঠিত হবে, সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

জুলাই জাতীয় সনদ যেভাবে প্রণীত হয়েছে, তা বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানান তিনি। সংবাদমাধ্যমের প্রতিনিধিরা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সংবিধান সংশোধন হোক এই অভিমত দিয়েছেন। বৈঠকে বিজেসির চেয়ারম্যান ও যমুনা টেলিভিশনের সিইও ফাহিম আহমেদ বলেন, স্বাধীনতার পর থেকে বহুবার সংবিধান কাটাছেঁড়া হয়েছে। এবার জুলাইয়ের চেতনা ধারণ করে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অনুরোধ করেন তিনি।

বিজ্ঞাপন