পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নে বিএনপির বিক্ষোভ মিছিলে হঠাৎ করে ছাত্রলীগ ও যুবলীগের স্লোগান দেওয়ার একটি ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ বিক্ষোভ মিছিল চলাকালে স্লোগানটি উচ্চারিত হয়।
জানা গেছে, বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে’ শিরোনামে এই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছিল। মিছিলের শুরুতে সবকিছু স্বাভাবিক ছিল। তবে একপর্যায়ে ‘ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন—যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান শোনা যায়, যা উপস্থিত নেতাকর্মীদের মধ্যে বিস্ময়ের সৃষ্টি করে।
স্থানীয় বিএনপি নেতারা জানান, মিছিলের শুরুতে কোনো ধরনের সমস্যা ছিল না। হঠাৎ করে ওই স্লোগান উচ্চারিত হওয়ায় তারা হতবাক হন। গলাচিপা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ এ বিষয়ে মন্তব্য করে বলেন, ‘ভুলবশত হঠাৎ করে মুখ ফসকে দলের নাম বলতে গিয়ে লীগের নাম বলে ফেলেছি। এটি একেবারেই অনাকাঙ্ক্ষিত।’
তিনি আরও বলেন, ‘আমি এ জন্য অনুতপ্ত এবং ভবিষ্যতে এমন ভুল আর হবে না।’ বিক্ষোভ মিছিলে উপস্থিত ছাত্র নেতা আহসান ইমরানও একইভাবে স্লোগানটি অনাকাঙ্ক্ষিতভাবে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন।
আমখোলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. সিদ্দিক গাজী জানান, ‘আমরা নিজেদের দলীয় কর্মসূচি পালন করেছি। সেখানে অন্য দলের লোকজন আসার প্রশ্নই ওঠে না।’
ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।