পটুয়াখালীর বাউফলে বিএনপির একটি মোটরসাইকেল মিছিলে হামলার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের বিরুদ্ধে। এই হামলায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন।
গতকাল শনিবার রাত পৌনে ৯টার দিকে দাশপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন মধ্য দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন (৪৫), যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ (৩৫), শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাওসার (৪২) এবং ছাত্রদলের সহসভাপতি রাসেল (৩০)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, অন্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবর মৃধা জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে সন্ধ্যায় ৪০-৫০টি মোটরসাইকেল নিয়ে নেতা-কর্মীরা মিছিল করেন। মিছিলটি নাজিরপুর ইউনিয়নের ডালিমা ও কালাইয়া বন্দর বেইলী ব্রিজ হয়ে দাশপাড়া বাসস্ট্যান্ডের কাছে পৌঁছালে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা অতর্কিত হামলা চালায়।
উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব সাইফুল ইসলাম খোকন অভিযোগ করেন, হামলাকারীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মোটরসাইকেলের বহরে হামলা চালায়। হামলার নেতৃত্বে ছিলেন রিয়াজ, হেলাল রাড়ী, সালাম, রাব্বি, রাসেল ও হেলাল।
হামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের ১০ নেতা-কর্মী আহত হয় এবং ২০-২৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। ঘটনা জানার পর উপজেলা বিএনপির আহ্বায়ক তসলিম তালুকদার আহত নেতাকর্মীদের দেখতে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে যান।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, "এই ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"