জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে রাজধানীর গুলশান এলাকা থেকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাতের এই ঘটনাটি নিশ্চিত করেছেন ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম।
আটকের পর নূর মোহাম্মদকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তিনি জামালপুর-১ আসন থেকে আওয়ামী লীগের হয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
এর আগে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়লেও তিনি পরাজিত হন। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দুর্নীতির অভিযোগ রয়েছে।
চলতি বছরের জানুয়ারিতে দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার একটি আদালত নূর মোহাম্মদ, তার স্ত্রী রওশন আরা বেগম ও ভাতিজা সাইফুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিলেন।