শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

খাগড়াছড়িতে আওয়ামী লীগ-ছাত্রলীগের হামলায় বিএনপির ৬ নেতা-কর্মী আহত

খাগড়াছড়িতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলায় বিএনপির ৬ নেতা-কর্মী আহত হয়েছেন।

খাগড়াছড়িতে আওয়ামী লীগ-ছাত্রলীগের হামলায় বিএনপির ৬ নেতা-কর্মী আহত

খাগড়াছড়ির গুইমারায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের পৃথক হামলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের ছয় নেতা-কর্মী আহত হয়েছেন। এ হামলার ঘটনা ঘটে বুধবার রাত ১০টার দিকে উপজেলার বাইল্যাছড়ি ও বড়পিলাক এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, গুইমারা উপজেলার বড়পিলাক এলাকায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা একটি গোপন বৈঠকে জড়ো হন। খবর পেয়ে সেখানে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত হলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা চালান। এতে বিএনপির পাঁচ নেতা-কর্মী আহত হন। আহতদের মধ্যে রয়েছেন হাফছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন এবং যুবদলের সদস্য মাহবুব আলম।

অন্যদিকে, বাইল্যাছড়ি এলাকায় গুইমারা ইউনিয়ন ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. ওমর ফারুক বাবুর ওপর ছাত্রলীগের কর্মীরা ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। হামলায় বাবুর মাথায় গুরুতর আঘাত লাগে। গুইমারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলাউদ্দিন আরিফ জানান, বাবুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ ও সাধারণ সম্পাদক মাহবুব আলী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তারা বলেন, আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার জানান, হামলাগুলো পূর্বপরিকল্পিত ছিল।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহরাওয়ার্দী বলেন, বড়পিলাক এলাকায় হামলার ঘটনা শুনেছি, তবে বাইল্যাছড়ির বিষয়টি জানা নেই। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন