ইতালির ভেনিসে আওয়ামী লীগের নেতা-কর্মীদের দ্বারা প্রখ্যাত অভিনেত্রী জুলাই যোদ্ধা বাঁধন ও তাঁর পরিবারের ওপর হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ মঙ্গলবার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ জানান।
বিবৃতিতে উল্লেখ করা হয়, জুলাই যোদ্ধা বাঁধনের ওপর বর্বর হামলা ও শারীরিক হেনস্তার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক। সংগঠনটি দাবি করে, আওয়ামী লীগের ক্যাডাররা বিদেশে বসে রাজনৈতিক সহিংসতা ও সন্ত্রাসী হামলা চালাচ্ছে।
এনসিপির নেতারা বলেন, দেশজুড়ে গণহত্যা ও জুলুমের বিরুদ্ধে ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মুখে আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী বিদেশে অবস্থান নিয়ে রাজনৈতিক সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, হামলার সময় বাঁধনকে 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান দিতে বাধ্য করা হয়। এটি প্রমাণ করে যে বিদেশে অবস্থানরত ফ্যাসিবাদের নেতৃত্ব এই হামলার পেছনে রয়েছে।
এনসিপির নেতারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইতালিয়ান কর্তৃপক্ষের সঙ্গে কাজ করে হামলায় জড়িত আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে এবং তাদের বাংলাদেশে ডিপোর্ট করে আইনের আওতায় আনতে হবে।
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, হামলায় জড়িতদের বিচারের মুখোমুখি না করা হলে সরকারকে কঠিন জবাব দিতে হবে। এনসিপি ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে বলে জানায়।