ইতালির ভেনিসে অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় সব ধরনের সহায়তা দেবে বাংলাদেশ কনস্যুলেট, এমনটি জানিয়েছেন মিলানে অবস্থিত কনস্যুলেট কর্মকর্তারা।
কনস্যুলেট সূত্রে জানা গেছে, কর্মকর্তারা বাঁধনের সাথে যোগাযোগ করে তার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন। তারা জানিয়েছেন, এ ঘটনায় মামলা করা হবে এবং প্রয়োজন হলে বাঁধনকে সব ধরনের সহায়তা প্রদান করা হবে।
অভিনেত্রী বাঁধনের সাথে আজ কনস্যুলেটের কর্মকর্তাদের দেখা করার পরিকল্পনা রয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে বাঁধন হেনস্থা ও হামলার শিকার হন। ভিডিওতে দেখা যায়, কয়েকজন বাঙালি যুবক তার ওপর চড়াও হয় এবং তার দিকে পানি ছুড়ে মারেন।
হামলার পর বাঁধন ফেসবুক লাইভে এসে পুরো ঘটনার বিস্তারিত বর্ণনা করেন। তিনি জানান, ভেনিসে তার ভাইয়ের পরিবারের সঙ্গে পার্কে যাওয়ার সময় প্রবাসী বাঙালিরা তার ওপর হামলা চালায়।
বাঁধনের অভিযোগ, হামলাকারীরা তার গায়ে পানি ও কোমল পানীয় ছুড়ে মারে, ফোন কেড়ে নিয়ে ফেলে দেয় এবং কানের পাশে আঘাত করে। এ সময় তার সঙ্গে থাকা ভাইয়ের ছোট শিশুটি ভয় পেয়ে চিৎকার করছিল।
তিনি দাবি করেন, হামলাকারীরা ভেনিস আওয়ামী লীগ ও ছাত্রলীগের পরিচয়দানকারী নেতাকর্মী। তাদের মধ্যে কয়েকজনকে চিহ্নিত করা গেছে, যারা ভেনিসে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত।