হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন হচ্ছে না বলে জানিয়েছেন বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে বিমানবন্দরটির থার্ড টার্মিনাল পরিদর্শনকালে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী জানান, আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে থার্ড টার্মিনাল চালু করা হবে। এ বিষয়ে জাপানি প্রতিষ্ঠানকে আল্টিমেটাম দেওয়া হয়েছে। ধাপে ধাপে পুরোপুরি চালু হয়ে আগামী বছরের মাঝামাঝি সময়ে সিভিল এভিয়েশন টার্মিনালের দায়িত্ব গ্রহণ করবে।
এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, থার্ড টার্মিনালের কাজ সম্পন্ন হলে ২০০ থেকে ২৫০টি এয়ারক্রাফট হ্যান্ডেল করা সম্ভব হবে। কর্তৃপক্ষ যাত্রীদের হাতে লাগেজ বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে ১৫ মিনিটের মধ্যে সেবা দেওয়ার দিকে গুরুত্ব দিচ্ছে।
তিনি আরও জানান, টার্মিনাল থেকে আয়ের ক্ষেত্রে বাংলাদেশের অংশীদারিত্ব ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৭ শতাংশ করা হয়েছে।