বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

বাংলাদেশ-ভারতের যাত্রীবাহী ট্রেন ফের চালুর উদ্যোগ গ্রহণ

বাংলাদেশ ও ভারতের মধ্যে যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ-ভারতের যাত্রীবাহী ট্রেন ফের চালুর উদ্যোগ গ্রহণ

দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃদেশীয় তিনটি যাত্রীবাহী ট্রেন— মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস পুনরায় চালু করার উদ্যোগ নেয়া হয়েছে। ঢাকায় দুই দিনব্যাপী বার্ষিক আন্তঃসরকারি রেলওয়ে বৈঠক শুরু হয়েছে।

৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন। বৈঠকে একমত হলে আগামী মাস থেকেই কলকাতা ও নিউ জলপাইগুড়ি থেকে এই তিনটি আন্তর্জাতিক ট্রেন আবার চলাচল শুরু হতে পারে।

২০২৪ সালে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের পর ভারত-বাংলাদেশের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। গত বছরের ফেব্রুয়ারিতে প্রায় নয় মাস বন্ধ থাকার পর দুই দেশের মধ্যে পণ্যবাহী ট্রেন চলাচল আবার শুরু হয়, তবে যাত্রীবাহী ট্রেন এখনো চালু হয়নি।

বাংলাদেশ নতুন উদ্যোগ হিসেবে রাজশাহী থেকে কলকাতার পথে একটি নতুন যাত্রীবাহী ট্রেন চালুর প্রস্তাব দিতে যাচ্ছে। এছাড়া, ঢাকা ও কলকাতার মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি পদ্মা সেতু হয়ে চলাচল করার আগ্রহও প্রকাশ করবে বাংলাদেশ। এত দিন মৈত্রী ট্রেন যমুনা সেতু হয়ে চলাচল করছিল।

বৈঠকে যাত্রীবাহী ট্রেন চালুর পাশাপাশি স্থগিত থাকা রেল প্রকল্প ও পণ্য পরিবহন ব্যবস্থা নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

বিজ্ঞাপন