ইতালির ভেনিসে মারধর ও হেনস্তার শিকার হয়েছেন বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধন। স্থানীয় সময় সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে ভেনিসে অবস্থানকালে একদল প্রবাসী তার ওপর ‘পানি ও পচা ডিম’ নিক্ষেপ করেন।
বাঁধন তার ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে এই ঘটনার বিস্তারিত জানান। তিনি অভিযোগ করেন, জুলাই আন্দোলনে সমর্থন দেওয়ার কারণে ভেনিস আওয়ামী লীগ ও ছাত্রলীগের পরিচয়দানকারী কয়েকজন নেতাকর্মী এই হামলা চালিয়েছে।
ভিডিওতে দেখা যায়, হেনস্তাকারীরা নিজেদেরকে ছাত্রলীগ পরিচয় দিয়ে বাঁধনের ওপর চড়াও হওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে বাঁধনের ভাই তাকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।
ফেসবুক লাইভে বাঁধন জানান, “আমি আমার ভাইয়ের সাথে পার্কে গিয়েছিলাম। কিন্তু এখানে অনেক বাঙালি এসে আমাকে শারীরিকভাবে হেনস্থা করেছে। আমার গায়ে পানি, কোক এগুলো ছুঁড়ে মারছে।”
তিনি আরও বলেন, “তারা বলেছে যে আমি জুলাই যোদ্ধা। হ্যাঁ, আমি জুলাই যোদ্ধা। আমি অবশ্যই আন্দোলনে অংশগ্রহণ করেছি। তারা আমাকে 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' বলতে জোর করে।”
এ ঘটনায় বাঁধন স্থানীয় পুলিশের কাছে অভিযোগ করেছেন। তিনি ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে দেশটিতে গিয়েছিলেন।