বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধন ইতালিতে হামলা ও হেনস্তার শিকার হওয়ার পর এখন নিরাপদে আছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক মঙ্গলবার ভোরে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাঁধনের সঙ্গে কথা হয়েছে এবং তিনি বর্তমানে নিরাপদ অবস্থানে রয়েছেন। মিলানে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং কনস্যুলেটের কর্মকর্তাদের সঙ্গে বাঁধনের যোগাযোগ করিয়ে দেওয়া হয়েছে।
নাজমুল হক উল্লেখ করেছেন, ভেনিসে অবস্থানরত বিএনপির নেতাকর্মীরা হামলাকারীদের শনাক্ত করতে ইতালিয়ান পুলিশকে সহযোগিতা করবেন। বাংলাদেশ কনস্যুলেটের মাধ্যমে আগামীকাল এ ঘটনায় মামলা করা হবে।
তিনি আরও বলেন, "বাংলাদেশের পক্ষের ওপর যেখানেই আক্রমণ হোক, সেখানকার প্রচলিত আইন অনুযায়ী এর দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"
আজমেরী হক বাঁধন বর্তমানে ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে ইতালির মেস্ত্রে শহরে অবস্থান করছেন। সোমবার রাতে ভাই ও তাঁর পরিবারের সঙ্গে স্থানীয় একটি পার্কে গেলে হামলার শিকার হন তিনি।