ইতালির ভেনিসে মারধর ও হেনস্তার শিকার হয়েছেন বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধন। স্থানীয় সময় সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে এই ঘটনা ঘটে। বাঁধন জানান, একদল প্রবাসী তাকে লক্ষ্য করে ‘পানি ও পচা ডিম’ নিক্ষেপ করে।
বাঁধন অভিযোগ করেন, জুলাই আন্দোলনে সমর্থন দেওয়ার কারণে ভেনিস আওয়ামী লীগ ও ছাত্রলীগের পরিচয়দানকারী কয়েকজন নেতাকর্মী এই হামলা চালিয়েছে। হামলার সময় বাঁধনকে লক্ষ্য করে হেনস্তাকারীরা নিজেদেরকে ছাত্রলীগের সদস্য হিসেবে পরিচয় দেয়।
ভিডিও ফুটেজে দেখা যায়, বাঁধনকে হেনস্তাকারীরা আক্রমণ করার চেষ্টা করছে এবং তার ভাই তাকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এই ঘটনায় বাঁধনের মুখ ফুলে লাল হয়ে যায় এবং তিনি ফেসবুক লাইভে এসে ঘটনার বিস্তারিত তুলে ধরেন।
ফেসবুক লাইভে বাঁধন বলেন, “আমি আমার ভাইয়ের সাথে পার্কে গিয়েছিলাম। কিন্তু এখানে অনেক বাঙালি ভাইয়েরা এসে আমাকে শারীরিকভাবে হেনস্থা করেছে। আমার গায়ে পানি, কোক এগুলো ছুঁড়ে মারছে।”
তিনি আরও বলেন, “তারা আমাকে বলেছে যে আমি জুলাই যোদ্ধা। হ্যাঁ, আমি জুলাই যোদ্ধা। আমি অবশ্যই জুলাইতে আন্দোলনে অংশগ্রহণ করেছি।” বাঁধন অভিযোগ করেন, হামলাকারীরা তাকে জোর করে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে বাধ্য করে এবং ঘটনার ভিডিও ধারণ করে।