ইতালির ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে হামলার শিকার হন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) দেশে ফেরার পর, প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির তাঁর ও পরিবারের খোঁজ নেন।
বাঁধন সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি লেখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব হুমায়ুন কবির সাহেব আমাদের বাসায় এসেছিলেন। তাঁর এই আন্তরিকতা ও দায়িত্বশীলতার জন্য আমি গভীরভাবে সম্মানিত ও কৃতজ্ঞ।’
এছাড়া, বাঁধন বলেন, ‘এই কঠিন সময়ে রাষ্ট্রের পক্ষ থেকে আমাদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ আমাকে ব্যক্তিগতভাবে আশ্বস্ত করেছে। গণতান্ত্রিক রাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি তার জনগণ।’
তিনি আরো উল্লেখ করেন, ‘নাগরিকের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার রক্ষায় রাষ্ট্র যখন দায়িত্বশীল ভূমিকা পালন করে, তখন নাগরিকের আস্থার জায়গাটি আরও শক্তিশালী হয়।’
বাঁধন বাংলাদেশ সরকার, প্রধানমন্ত্রী, বাংলাদেশ দূতাবাস, ইতালীয় সরকার, এবং পুলিশ বিভাগের প্রতি কৃতজ্ঞতা জানান, যাঁরা ওই কঠিন সময়ে তাঁর পাশে দাঁড়িয়েছিলেন।
উল্লেখ্য, বাঁধন ইতালিতে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ চলচ্চিত্রের প্রদর্শনীতে অংশ নিতে গিয়েছিলেন। ৮৩তম ভেনিস উৎসবে এই চলচ্চিত্র ‘প্রেমিও বিসাতো দ’ওরো’ পুরস্কার অর্জন করে। তবে চলচ্চিত্র উৎসব চলাকালীন সময়ে তিনি নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার শিকার হন।