ফেনীর সোনাগাজীর আলোচিত নুসরাত জাহান রাফি হত্যা মামলায় আদালতের রায়ে খালাস পাওয়া আটজন গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি ও মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার বেলা ১২ টা ৪৫ মিনিট থেকে পর্যায়ক্রমে তাদের মুক্তি দেওয়া হয়।
মুক্তি প্রাপ্তদের মধ্যে রয়েছেন মো. শামীম, হাফেজ আব্দুল কাদের, মহিউদ্দিন শাকিল, আফসার উদ্দিন, ইমরান হোসেন মামুন, ইফতেখার উদ্দিন রানা, আব্দুর রহিম শরীফ ও কামরুন্নাহার মনি। মুক্তির সময় কামরুন্নাহার মনির সঙ্গে তার ৭ বছরের মেয়ে মোবাশ্বেরা খানমও ছিলেন।
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার মো. জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মুক্তির যাবতীয় কাগজপত্র কারাগারে পৌঁছালে তা যাচাই-বাছাই করা হয় এবং পরে তাদের মুক্তি দেওয়া হয়।
মুক্তির খবরে সকাল থেকেই আত্মীয়স্বজন কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের মূল ফটকে অপেক্ষা করতে থাকেন। মুক্তিপ্রাপ্তরা তাদের আত্মীয়-স্বজনকে পেয়ে কান্নায় ভেঙে পড়েন। কারাগার থেকে বের হওয়ার পর স্বজনরা মুক্তি লাভ করা আটজনকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
পরিবার সূত্রে জানা গেছে, মুক্তির পর তারা পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে দেখা করে ফেনীর উদ্দেশে রওনা হন।