মাদক বর্তমানে ভয়াবহ সামাজিক ব্যাধিতে রূপান্তরিত হয়েছে উল্লেখ করে সমাজকে মাদকমুক্ত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় প্রশাসনের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। আইনমন্ত্রী বলেন, মাদক পাচারের কৌশল প্রতিনিয়ত পাল্টাচ্ছে। বর্তমানে সীমান্ত এলাকায় নজরদারি এড়াতে ড্রোনের মাধ্যমে মাদকের চালান আসছে।
তিনি উল্লেখ করেন, মাদক সিন্ডিকেটের মূল পরিকল্পনাকারী ও হোতারা ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে। মাদকের এই সর্বনাশা বিস্তার রোধ করতে হলে কেবল খুচরা বিক্রেতা নয়, বরং শীর্ষ চোরাকারবারিদের শনাক্ত করে আইনের মুখোমুখি করতে হবে।
মানবাধিকার ও আইনের শাসনের প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিগত সরকারের শাসনামলে শুধুমাত্র বিএনপি-জামায়াত করার অপরাধে বিরোধী মতের অসংখ্য মানুষকে গুম ও বিচারবহির্ভূতভাবে ক্রসফায়ার দেওয়া হয়েছে। তবে বর্তমান সরকারের আমলে সেই অমানবিক ও বেআইনি সংস্কৃতি পুরোপুরি বন্ধ করা হয়েছে।
মন্ত্রী আরও জানান, দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। মতবিনিময় সভায় বাগেরহাট জেলা প্রশাসকসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।