জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেছেন, দক্ষ যুবশক্তি গড়ে তুললে মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজকে মুক্ত করা সম্ভব। আজ শনিবার সকালে বাগেরহাট শহরের সোনাতলা এলাকায় লতিফ ফাউন্ডেশনের স্কিল ইনস্টিটিউট অব টেকনোলজির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ডেপুটি স্পিকার বলেন, "মাদক গ্রহণ থেকে যুবকদের বিরত রাখতে হবে, তবে বিকল্প ব্যবস্থা তৈরি করতে হবে। বিকল্প ব্যবস্থা না হলে যুবকদের দক্ষ কর্মী হিসেবে গড়ে তোলা সম্ভব নয়।" তিনি স্কিল ইনস্টিটিউটের মত প্রতিষ্ঠানগুলোর গুরুত্ব তুলে ধরেন এবং বলেন, "এগুলো গড়ে উঠলে যুবকদের দক্ষতা বৃদ্ধি পাবে।"
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কিল ইনস্টিটিউট অব টেকনোলজির চেয়ারম্যান সাবেক সচিব মো. ফরিদুল ইসলাম বাবলু। এ সময় বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম, সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলম এবং লতিফ ফাউন্ডেশনের চেয়ারম্যান রফিকুল ইসলাম জগলু বক্তব্য দেন।
পরে ডেপুটি স্পিকার কায়সার কামাল কৃষকদের মাঝে দুই হাজার ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করেন। তিনি বাগেরহাটে আরও কয়েকটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।