ফেনীতে মাগরিবের পর শিক্ষার্থীদের অযথা ঘোরাঘুরি, চায়ের দোকানে অবস্থান ও আড্ডা নিরুৎসাহিত করতে জেলা প্রশাসন জনসচেতনতামূলক মাইকিং করেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় মাইকিং করে এ বিষয়ে জনসাধারণকে অবহিত করা হয়।
মাইকিংয়ে জানানো হয়, জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের মাগরিবের পর অপ্রয়োজনীয়ভাবে বাইরে অবস্থান, চা-দোকানে আড্ডা বা উদ্দেশ্যহীন ঘোরাঘুরি থেকে বিরত থাকতে হবে। এ সময় অভিভাবকদেরও সন্তানদের বিষয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়।
জেলা প্রশাসন আরও জানায়, এ নির্দেশনা অমান্য করলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রশাসনের এ উদ্যোগকে জনশৃঙ্খলা বজায় রাখা, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধপ্রবণতা প্রতিরোধের অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে।
জেলা প্রশাসক মনিরা হক জানান, অভিভাবক, শিক্ষার্থী ও জনসাধারণকে জনসচেতনতা ও পরামর্শমূলক প্রচারণা করা হয়েছে। তিনি বলেন, "শিক্ষা প্রতিষ্ঠান ছুটির পরে কেউ প্রতিষ্ঠান আঙ্গিনায় অবস্থান না করে সে জন্য প্রচারণা চালানোর জন্য তথ্য অফিসকে বলা হয়েছে।"
তিনি আরও জানান, এটি কোনো দমনমূলক সিদ্ধান্ত নয়। মূল লক্ষ্য হলো কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য কমানো, অভিভাবকদের সচেতন করা এবং শিক্ষার্থীদের মাগরিবের পর অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা নিরুৎসাহিত করা। জেলা প্রশাসনের তদারকি দল মাঠে কাজ করবে এবং পুলিশও বিষয়টি নজরদারি করবে।