২০২৬ বিশ্বকাপ ফাইনালের মাত্র দুই দিন আগে, কানাডার দাবানলের ধোঁয়ায় নিউইয়র্ক ও নিউ জার্সির আকাশ ধোঁয়াশাচ্ছন্ন হয়ে পড়েছে। এ কারণে স্থানীয় কর্তৃপক্ষ বায়ুর মান নিয়ে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে।
রোববার (১৯ জুলাই) নিউইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে (মেটলাইফ স্টেডিয়াম) ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে, বাতাসের মান খারাপ হওয়ায় বাসিন্দাদের অপ্রয়োজনে বাইরে না বের হওয়ার এবং ভারী শারীরিক পরিশ্রম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
কানাডায় চলমান দাবানলের ধোঁয়া কয়েকদিন ধরে নিউইয়র্ক অঞ্চলে ছড়িয়ে পড়েছে। বুধবার রাতে স্পেন দল নিউ জার্সিতে পৌঁছানোর ঠিক আগেই পরিস্থিতির আরও অবনতি হয়।
ফাইনালের প্রস্তুতির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৬ জুলাই) স্পেনের খেলোয়াড়রা খোলা মাঠে অনুশীলন করেছেন। তবে তাদের পক্ষ থেকে বায়ুদূষণ নিয়ে কোনো উদ্বেগ প্রকাশ করা হয়নি। অন্যদিকে, আর্জেন্টিনা দলের খেলোয়াড়রা নিউ জার্সিতে অনুশীলন শুরু করার কথা রয়েছে।
বায়ুদূষণের প্রভাব পড়ছে ফাইনালের অনুষ্ঠানগুলোর মহড়ায়ও। নিউইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে মহড়ায় অংশ নেওয়া নৃত্যশিল্পী কাইটলিন এডগার জানান, তার বাবা ড্যান এডগার বলছেন, বাইরে শ্বাস নিতে কষ্ট হচ্ছে।
যুক্তরাষ্ট্রের নারী ফুটবল লিগ (এনডব্লিউএসএল)-এর খেলোয়াড়রাও ধোঁয়াচ্ছন্ন আকাশ ও তীব্র গরমের প্রভাব অনুভব করেছেন। বুধবার (১৫ জুলাই) নিউইয়র্কের সিটি ফিল্ডে ম্যাচ অনুষ্ঠিত হয়, তবে বায়ুর মান খারাপ থাকায় অতিরিক্ত বিরতি দেওয়া হয়।
ফাইনাল নিয়ে এখনও শঙ্কা নেই। স্থানীয়রা জানিয়েছেন, এবারের পরিস্থিতি ২০২৩ সালের জুনে কানাডার দাবানলের সময়ের তুলনায় কম ভয়াবহ। ৮০ হাজারের বেশি দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হবে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার (১৭ জুলাই) থেকে বায়ুর মান উন্নত হতে পারে। আগামী শনিবারের সম্ভাব্য বৃষ্টিতে ধোঁয়ার ঘনত্ব আরও কমে আসার আশা করা হচ্ছে। তবে, শিকাগো অঞ্চলে বায়ুর মান খারাপ হওয়ায় মেজর লিগ সকারে (এমএলএস) ম্যাচ স্থগিত করা হয়েছে।