দীর্ঘ দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। বুধবার (১৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় বুটজোড়া তুলে রাখার ঘোষণা দেন তিনি।
জাতীয় দলের হয়ে ৪১টি ম্যাচ খেলা মাতা স্পেনের ২০১০ বিশ্বকাপজয়ী স্কোয়াডের অংশ ছিলেন। ২০১২ সালের ইউরোতে ইতালির বিপক্ষে ৪-০ ব্যবধানে জেতা ফাইনালে একটি গোলও করেন তিনি।
মাতা ১০ বছর আগে সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন। রিয়াল মাদ্রিদের যুব দলে বেড়ে উঠে ২০০৭ সালে ভালেন্সিয়ায় যোগ দেন তিনি। এরপর চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবে খেলার সুযোগ পান।
সবশেষে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ভিকটোরিতে খেলেছেন মাতা। মেলবোর্নের ক্লাবটিই হয়ে থাকল তার পেশাদার ফুটবল জীবনের শেষ ঠিকানা।