ফেনীর শর্শদীতে স্কুলের পাশে বিটুমিন পোড়ানোর কারণে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে চারজন প্রাথমিক শিক্ষার্থী। আজ বুধবার দুপুরে শর্শদী উত্তর খানেবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর দেড়টায় বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষার শুরুর আগেই বিদ্যালয়ের আশেপাশে বিটুমিন পোড়ানোর কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে, যা শিক্ষার্থীদের মধ্যে শ্বাসকষ্ট সৃষ্টি করে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা পিংকি রানী কর্মকার ও হাজরা আক্তার তাৎক্ষণিকভাবে অসুস্থ শিক্ষার্থীদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে রয়েছে পঞ্চম শ্রেণির হাসনা আক্তার মুক্তা, সামিয়া নওরিন, মারিয়া ও নিহা। তাদের সকলের বাড়ি উত্তর শর্শদী এলাকায়।
স্থানীয় বাসিন্দারা জানান, বিদ্যালয়ের আশপাশে বিটুমিন পোড়ানোর কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে। বিষয়টি দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার রোকনউদ্দৌলা জানান, দুপুর দেড়টার দিকে চারজন শিক্ষার্থী চিকিৎসার জন্য হাসপাতালে আসে। তাদের মধ্যে দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে, বাকি দুজনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।