ভারতের কলকাতায় একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় কুষ্টিয়ার একই পরিবারের চারজন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন সাংবাদিক দেবাশীষ দত্ত (৩৯), তার স্ত্রী আফসানা শিম্মিন (২৯), সন্তান শর্ণশীষ দত্ত (৩) এবং শ্বশুর আকরাম হোসেন (৬৪)।
স্থানীয় দৈনিক আজকের আলোক পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক দেবাশীষ দত্ত দৈনিক আজকের পত্রিকা ও চ্যানেল নাইনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতেন। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়ার আজকের আলোর সম্পাদক ও প্রকাশক গাজী মাহবুবুর রহমান।
নিহতদের মৃত্যুর সংবাদে দেবাশীষ দত্তের বাড়িতে শোকের মাতম চলছে। তার পরিবারের আত্মীয়-স্বজনেরা কান্নায় ভেঙে পড়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, তারা চিকিৎসার জন্য ভারতে অবস্থান করছিলেন।
ভারতের পিটিআই ও এনডিটিভিসহ বিভিন্ন গণমাধ্যমে এই ঘটনা নিশ্চিত করা হয়েছে। কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আল মামুন সাগর বলেন, 'দেবাশীষের মৃত্যু আমাদের কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে। তিনি একজন ভালো সাংবাদিক এবং ভালো মনের মানুষ ছিলেন। তার অকাল মৃত্যুতে কুষ্টিয়াবাসী একজন গুণী সাংবাদিককে হারালো।'