চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে এক ভারতীয় নাগরিকসহ সাতজনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) সকালে স্থানীয় জনতা তাঁদের পুলিশে সোপর্দ করে।
আটককৃতদের মধ্যে ভারতের কলকাতার বাসিন্দা নিয়ান এবং বাংলাদেশের চারজন নাগরিক রয়েছেন। আটক ব্যক্তিরা হলেন বাগেরহাটের আব্দুস শুকুর খান, সিলেটের শারমিন আক্তার রুমি, হামিদা এবং চাঁদপুরের নয়ন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল ৬টার দিকে বেনীপুর সীমান্ত দিয়ে কাঁটাতার পার হয়ে পাঁচজন বাংলাদেশে প্রবেশ করেন। সীমান্ত অতিক্রম করার পর জীবননগর শহরের দিকে আসার সময় স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়।
স্থানীয়রা তাঁদের ঘিরে ফেলে এবং পুলিশে খবর দেন। সংবাদ পেয়ে জীবননগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাতজনকে হেফাজতে নেয়।
জীবননগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ বলেন, “জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটক ব্যক্তিদের পরিচয় নিশ্চিত ও সীমান্ত পারাপারের বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”