চুয়াডাঙ্গার দামুড়হুদায় পুলিশের হাতকড়া নিয়ে পালিয়ে গেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আবু ছিদ্দিক মেম্বার। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে কুড়ুলগাছি ইউনিয়নের চণ্ডীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আবু ছিদ্দিককে গ্রেফতারের জন্য দর্শনা থানার একটি দল চণ্ডীপুর এলাকায় অভিযান চালায়। এ সময় তাকে আটক করে হাতকড়া পরানো হয়। তবে পরিবারের সদস্যরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেন এবং আবু ছিদ্দিক পুলিশ সদস্যদের হাতকড়া নিয়েই পালিয়ে যান।
এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করেছে, যাদের নাম লক্ষ্মণ, ফিরোজ, কণা ও সোনালী। দামুড়হুদা-জীবননগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরুল্লাহ বলেন, পরিবারের লোকজন পুলিশের ওপর হামলা চালালে দুই পুলিশ সদস্য আহত হন।
এদিকে, দর্শনা থানার পরিদর্শক (তদন্ত) মুখলেসুর রহমান জানান, পলাতক আসামিকে আটকের চেষ্টা চলছে। আবু ছিদ্দিকের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।